কবিতাঃ 1 # উপায় তবে    

উপায় তবে

রচনা

কিংশুক দেবনাথ

রচনা কাল

২০/১২/২০১৮

পড়াটা আমি ছেড়েই দেবো পারছে না আর বাবা,

মনের দুঃখে সেদিন এসে বললো ডেকে, “নবা,

পড়ায় তোর আর কাজ নেই বাবা, আমার সাথে চল,

ভাটায় গিয়ে ইট গড়ানো শিখে নে কৌশল” ।

আমার মনে খুব আনন্দ, পড়ায় কি মন বসে ?

বাবার কথায় সায় দিয়েছি মুখটি চেপে হেসে ।

শিখছি এখন ইট গড়ানো সকাল থেকে সন্ধ্যে,

মজুরী পাই কুড়ি টাকা, দিন কাটে আনন্দে ।

বাবার হাতে কুড়ি টাকা কিছুটা লাঘব হয়,

আমায় বুকে জড়িয়ে বাবা চোখের জলে কয়,

“আমরা গরীব, লেখাপড়াটা আমাদের বিলাসিতা,

ভাত কাপড়ের আগে দরকার, পড়ে অন্য কথা ।

এসব কথার অর্থ কিছু আমার মাথায় আসে না,

আমি আছি মহানন্দে স্কুলে যেতে লাগে না ।

এর মধ্যে চালু হলো মিড ডে মিলের প্রথা,

পাশফেলও উঠে গেলো কি সুন্দর কথা !

ড্রপ আউটকে বাছতে হবে দায়িত্ব যার ঘাড়ে,

সেই শিক্ষক ভাটায় গিয়ে আমাকে ঠিক ধরে ।

বাবা বললো, “না মাস্টার, স্কুলে আর নয়,

দুদশ টাকা যা হোক আসে, কাজটা শেখা হয়” ।

দুপুর বেলা খাওয়া আছে, মিড ডে মিলের জন্য,

পাশফেল নেই, ক্লাসে ওঠার চিন্তা পুরো শূন্য ।

কি যেন কি ভাবলো বাবা, ফের পাঠালো স্কুলে,

ততো দিনে আগের পড়া সব গিয়েছি ভুলে ।

এখন বেশ মজায় আছি, পড়ার প্রেশার নেই,

স্কুলে যাই, খেলা করি, মিড ডে মিলেই খাই ।

বছর দুয়েক কেটে যখন আটের পরে নয়,

মিড ডে মিল রইলো না আর – খাবারের সংশয় !

এখনতো আর পাশফেল নেই, ঠিক তুলে দেয় ক্লাসে,

আগের নিয়ম থাকলে না হয় থেকেই যেতুম আটে ।

READ MORE  কবিতাঃ 3 # ডিগ্রী কাঁটা

বাবা বললো, “ঠিক আছে তুই বাড়ীতে খেয়ে পড়,

লেখাপড়াতে মনোযোগ দে, জীবনে কিছু কর” ।

নাইনে যে পাশ ফেল আছে, কে জানতো স্পষ্ট ?

বাবা রেগে বললেন, “গাধা, গোটা বছর নষ্ট” !

নাইনটাতে পড়ার চাপ, মিড ডে মিলও পাই না,

ফেল করে যে শিক্ষা হলো, স্কুলেই আর যাই না ।

বাবা রাগে আগুন হয়ে হেড স্যারকে শুধোলেন,

“আপনারা কেন আমার ছেলের জীবনটা শেষ করলেন ?

না হলো তার লেখাপড়া, না হলো তার হাতের কাজ,

এমন ছেলে তৈরী হলো, সর্বস্বান্ত হলাম আজ ।

আমার লেখা কবিতাটি আপনাদের সাথে শেয়ার করলাম । কবিতাটি পড়ে যদি একটুও ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার সাইটটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাইট “কলমে কিংশুক দেবনাথ” এর সাথে যুক্ত থাকবেন । এই ধরনের কবিতা, ছোট গল্প, শ্রুতি নাটক ইত্যাদি অনেক কিছু এখানে পাবেন । নিজে পড়বেন, অন্যকেও পড়াবেন । আপনার পড়ার জন্য শুভেচ্ছা রইলো । ধন্যবাদ ।।

ভিডিও দেখুন…

Channel: KINGSHUK DEBNATH

1 thought on “কবিতাঃ 1 # উপায় তবে    ”

Leave a Comment