মোবাইলের পড়া
রচনা
কিংশুক দেবনাথ
রচনা কাল
১৭/০১/২০১৯
ছেলে আমার বড়ো হলো ক্লাস নাইনে পড়ে,
বন্ধু বান্ধব জুটিয়ে নিয়ে দিব্যি রিলাক্স করে ।
কদিন ধরে বায়না করছে, “টাচ্ মোবাইল চাই,
সবার হাতে আছে কেবল আমার হাতে নাই”।
দামটা শুনে ঘাবড়ে গেলাম, “কোথায় পাবো টাকা”?
ছেলে তখন বললো হেসে, “বাবা বড্ড বোকা,
প্রতি বছর এত্তো টাকা স্কলারশিপে পেলাম,
কোনো কথা না বলে সব তোমার হাতে দিলাম,
আজ আমার শখ হয়েছে টাচ্ মোবাইল নেবো,
এখন কিনা বলছো তুমি টাকা কোথায় পাবো”?
ছেলের কথায় লজ্জা পেয়ে লাজুক নম্র স্বরে,
বললাম, “সব টাকা শেষ, মায়ের চিকিৎসা করে”।
“মায়ের চিকিৎসা করবে করো, আমার টাকায় কেন ?
লেখাপড়ার জন্য সরকার এ টাকা দেয় – জানো”?
“তবে যে তুই টাচ্ মোবাইল কেনার জন্য বলিস”?
ছেলে বলে, “তাও জানো না, এক্কেবারে রাবিশ ।
মোবাইলের ইন্টারনেটে অনেক কিছু যায় শেখা,
স্কুলে তো হয় না কিছুই, শুধু টিচারদের বকা”।
ছেলের কথায় অনেক কষ্টে হাজার দশেক দিয়ে,
কিনে দিলাম টাচ্ মোবাইল, স্কুলে যায় নিয়ে ।
স্কুলে তার বন্ধুরা সব বলছে,“সাবাস্ ভাই !
“তোর মতো দামী মোবাইল টিচারদেরও নাই”।
শুনে আমার গর্ব হলো একটু মনে মনেতে,
“ছেলে এবার পড়বে লিখবে মানুষ হবে গুনেতে”।
সারাটা দিন মোবাইলটায় মুখটি গুজে থাকে,
আঙ্গুল নাড়ায় এদিক ওদিক মুচকি হাসে ফাঁকে ।
নেটের টাকা সাড়ে তিনশ নিচ্ছে প্রতি মাসে,
সারা মাসে ঐ একবার আমার দিকে হাসে ।
আমি বাপু মুখ্যু মানুষ এতো কিছু বুঝিনা,
ছেলের কথা বিশ্বাস করি কারণ টারন খুঁজি না ।
বছর শেষে চেয়ে দেখি শুকিয়ে যাচ্ছে ছেলে,
হাড়গুলো সব ভেসে উঠছে, চোখ উঠছে ঠেলে ।
পরীক্ষাতে ডাহা ফেল, সব বিষয়ে গোল্লা,
হায় ভগবান কি সর্বনাশ, করছি হল্লাচিল্লা ।
স্যারকে ডেকে যেই শুধালাম, স্যার বললেন তেড়ে,
এই বয়সে ছেলের হাতে কেউ মোবাইল ছাড়ে ?
বুঝলাম, আমি ছেলের কথায় করেছি মস্ত ভুল,
“মোবাইল সেই শিক্ষা দেয় না, যেটা দেয় স্কুল” ।।
আমার লেখা কবিতাটি আপনাদের সাথে শেয়ার করলাম । কবিতাটি পড়ে যদি একটুও ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার সাইটটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাইট “কলমে কিংশুক দেবনাথ” এর সাথে যুক্ত থাকবেন । এই ধরনের কবিতা, ছোট গল্প, শ্রুতি নাটক ইত্যাদি অনেক কিছু এখানে পাবেন । নিজে পড়বেন, অন্যকেও পড়াবেন । আপনার পড়ার জন্য শুভেচ্ছা রইলো । ধন্যবাদ ।।
ভিডিও দেখুন…
আমি কিংশুক দেবনাথ (Kingshuk Debnath), এই Kalome Kingshuk Debnath সাইটের রূপকার ও প্রতিষ্ঠাতা (Creator & Founder) । আমি একজন লেখকও বটে । আমি কবিতা, গল্প, উপন্যাস, গীত ইত্যাদি রচনা করতে পছন্দ করি। আমি নিজ রচিত অনেক গানের সুর প্রদান করেছি। আমি চাই, আপনারা সকলে নিয়মিত আমার সাইটে নজর রাখুন এবং আকর্ষণীয় সাহিত্য ভাবনাগুলির আনন্দ উপভোগ করুন। আমাকে উৎসাহ এবং পরামর্শ প্রদান করুন, যাতে ভবিষ্যতে আমি আরও সুন্দর সুন্দর সৃষ্টি উপহার দিতে পারি। ধন্যবাদ ।
💯💯💯💯Very nice